নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ২৪টি স্থলবন্দরকে কার্যকর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করতে হবে। অনিয়ম ও দুর্নীতির উৎস চিহ্নিত করে তার সমাধান করতে হবে। এ সময় স্থলবন্দরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে অনুরোধ জানান তিনি।
আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ ও নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
নৌপরিবহন অধিদপ্তর পরিদর্শন করে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, নৌপথে জাহাজ পরিচালনার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, একটি নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিতে নৌপরিবহন অধিদপ্তরকে কার্যকর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।
এ সময় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ মাকসুদ আলম এ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম অবহিত করেন।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সঞ্জয় কুমার বনিক, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ মুসা, নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল কবীর, ক্যাপ্টেন ফরহাদ জলিল বিপ্লব ও পরিচলকবৃন্দ-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন।