বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ও দেশের ইতিহাসে প্রথম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।
বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সোমবার (১২ মে) সকালে বিদেশি একটি সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৈঠক শেষে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘যখন দেখবেন আকাশে সূর্য উঠে গেছে, তখন পরিষ্কার হয়ে যাবে, অপেক্ষা করেন।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গত শনিবার রাতে নেয় অন্তর্বর্তী সরকার।
এ-সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন হলে নির্বাচন কমিশন (ইসি) বসে সিদ্ধান্ত নেবে।
সিইসি বলেন, ‘আমরাও এটা নিয়ে কনসার্ন। বাট উই আর ওয়েটিং ফর দ্য গেজেট নোটিফিকেশন টু কাম।’
রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দিয়ে থাকে নির্বাচন কমিশন। কোনো দল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তীব্র আন্দোলন গড়ে তোলে। আন্দোলনের মুখে শনিবার আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
শনিবার রাত ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধনী অনুমোদিত হয়। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
আইন উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
এর আগে বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। আজ আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আওয়ামী লীগের ইতিহাসঃ বঙ্গভঙ্গ (১৯০৫) পরবর্তী রাজনীতির আলোকে ১৯০৬ সালে ৩০ ডিসেম্বর নিখিল ভারত মুসলিম লীগ গঠন করা হয়। ঢাকার নওবাব সলিমুল্লাহ মুসলিম লীগ গঠনের উদ্যোগ নেন। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসে নিখিল ভারত মুসলিম লীগের পরিবর্তিত নামকরণ হয় পাকিস্তান মুসলিম লীগ। ১৯৪৮ সাল থেকে মুসলিম লীগের অতি দ্রুত অবক্ষয় রাজনৈতিক দলের ইতিহাসে সর্বাধিক লক্ষণীয়। মুসলিম লীগের সাথে ভিন্নমত পোষণকারী ব্যক্তিবর্গ আওয়ামী মুসলিম লীগ, নেজামে ইসলাম, খিলাফত-ই-রব্বানী পার্টি, কৃষক শ্রমিক পার্টি ইত্যাদির মতো সংগঠন গড়ে তোলেন। মূল দল মুসলিম লীগের ভাঙনের মধ্য দিয়েই এ সকল দল গড়ে ওঠে। ১৯৫৪ সালে অনুষ্ঠিত পূর্ববঙ্গ আইন পরিষদ নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি হয়েছিল। এ নির্বাচনে যুক্তফ্রন্ট একচেটিয়া বিজয় অর্জন করে।
১৯৪৮ সালের মার্চ মাসে হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী পাকিস্তান ন্যাশনাল লীগ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করার সিদ্ধান্ত নেন। ১৯৪৯ সালের গোড়ার দিকে দলের ভেতরেই রক্ষণশীল এবং প্রগতিশীলদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে। প্রগতিশীল অংশ ১৯৪৯ সালের জুন মাসের ২৩-২৪ তারিখে অনুষ্ঠিত এক সম্মেলনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (ইপিএএল) গঠন করেন। শেখ মুজিবুর রহমান এই দলের একজন সক্রিয় নেতা ছিলেন এবং খোন্দকার মোশতাক আহমদের সঙ্গে যৌথভাবে দলের যুগ্ম সম্পাদক হন। ১৯৫০ সালের ফেব্রুয়ারি মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ (এপিএএল) প্রতিষ্ঠা লাভ করে। ১৯৫৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত এ দলের কাউন্সিল অধিবেশনে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগে পরিবর্তিত হয়।
উল্লেখ্য, শুধু জুলাই অভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞ নয়, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ এনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার।
৭৫ বছরের পুরনো দলটির বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট পরবর্তী সময়েও ছাত্র-জনতার ওপর হামলা, উস্কানিমূলক মিছিল আয়োজন, রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণ এবং ভিনদেশে পলাতক তাদের নেত্রীসহ অন্য নেতাকর্মী কর্তৃক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপরাধমূলক বক্তব্য প্রদান, ব্যক্তি ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধনের প্রচেষ্টাসহ আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে।
