বিশেষ প্রতিবেদকঃ সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় কৈলাস থেকে দেবী দুর্গা পিতৃগৃহে আগমন। দেবী দুর্গা এবার মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন নৌকায় চড়ে। যার ফল হচ্ছে অতিবৃষ্টি ও শস্যবৃদ্ধি। আর স্বর্গলোকে বিদায় নেবেন ঘোটকে (ঘোড়া) চড়ে তাই এবার রোগ-ব্যাধি বাড়বে ও ফসল নষ্ট হবে। তার পরও অশুভ শক্তির বিনাশে দেবীর পূজার সব আয়োজন শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত ছিল শুভ মহালয়ার মূল অনুষ্ঠান। আগামী ২৬ সেপ্টেম্বর সায়ংকালে দেবীর বোধন, ষষ্ঠী বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাস; ২৭ সেপ্টেম্বর মহাসপ্তমী, ২৮ সেপ্টেম্বর মহাষ্টমী ও কুমারীপূজা, ২৯ সেপ্টেম্বর মহানবমী বিহিত পূজা এবং ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমী ও দর্পণ বিসর্জন শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব।
পরাক্রমশালী অসুরদের অত্যাচারে স্বর্গ থেকে বিতাড়িত হয়েছিলেন দেবতারা। ব্রহ্মার বরে অসুররা অজেয়। নিরুপায় দেবতারা শরণাপন্ন হলেন শিবের। শিবের অনুরোধে এই মহালয়ার দিনেই পার্বতী নিলেন দশভুজা দেবী দুর্গার রূপ। তাঁর ১০ হাতে দেবতারা তুলে দিলেন ১০ অস্ত্র। অসুরদের রাজা মহিষাসুরকে দমন করে দেবতাদের স্বর্গে ফেরার পথ করে দিলেন তিনি। তাই দেবীর আরেক নাম মহিষাসুরমর্দিনী।
গতকাল মহালয়ার মধ্য দিয়ে সূচিত হয়েছে দেবী দুর্গার আগমন ধ্বনি। ভোর থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব মন্দির ও পূজামণ্ডপে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও চণ্ডীপাঠের মধ্য দিয়ে হিন্দু শাস্ত্রগুরুরা দেবীকে আবাহন জানান। নগরীর বিভিন্ন মন্দিরে ছিল সনাতন ধর্মাবলম্বীদের ভিড়। রাজধানীসহ সারা দেশের নির্ধারিত মন্দিরে ও পূজামণ্ডপে চণ্ডীপাঠ, আবাহন গীত ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহালয়ার কর্মসূচি পালিত হয়েছে।
মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। ভোর ৬টায় শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। প্রথম পর্বে ছিল চণ্ডীপাঠ। তারপর ছিল সাংস্কৃতিক পরিবেশনা। মহালয়ার ঘট স্থাপনের পর নানা স্তব-স্তুতিতে দেবীকে আমন্ত্রণ জানানো হয় মর্ত্যে।
মা দুর্গার আগমনে বিভিন্ন মণ্ডপে ধূপের ধোঁয়ায় ঢাক-ঢোলক, কাঁসরবাদ্যের সঙ্গে মন্দিরের চারপাশে পুরোহিতের ভক্তিপূর্ণ কণ্ঠে ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা…নমস্তৈস্য নমস্তৈস্য নমোঃ নমোঃ’ মন্ত্রোচ্চারণ হয়েছে। ভোরে চণ্ডীপাঠ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরে মহালয়ার ঘট স্থাপন করা হয়েছে।
সন্ধ্যায় মিশনের সংস্কৃতি ভবনের বিবেকানন্দ হলে অনুষ্ঠিত হয় শারদীয় আগমনী সংগীতের বিশেষ অনুষ্ঠান। গুলশান পূজামণ্ডপে সকাল সাড়ে ৫টায় স্থাপন করা হয় মহালয়ার ঘট।
মঙ্গলবার সকাল পৌনে ৭টায় রাজধানীর বনানীতে মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সহাবস্থান নিশ্চিত আছে। নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে। হিন্দু সমপ্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এবার মণ্ডপের সংখ্যাও বেড়েছে। বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে সব মণ্ডপে।
খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘের মণ্ডপে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৫টায় পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসামপ্রদায়িক দেশ হিসেবে গড়েছেন। এ দেশে কোনো সামপ্রদায়িকতা বা জঙ্গিবাদের স্থান নেই। প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। ’ সনাতন সমাজ কল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ মহালয়া অনুষ্ঠানে আসা ভক্তরা এ সময় উপস্থিত ছিল।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির, স্বামীবাগের শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির, রামসীতা মন্দির, জয়কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে চণ্ডীপাঠ, ধর্মীয় আলোচনা সভা, বস্ত্র বিতরণ, ভক্তিমূলক গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে দেবীকে মর্ত্যলোকে আবাহন করে ভক্তরা। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের হিসাব অনুযায়ী, এ বছর সারা দেশে ৩০ হাজার ৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গত বছর হয়েছিল ২৯ হাজার ৩৯৫টিতে। এ বছর রাজধানীতে ৩৩১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে গত বছর সংখ্যাটি ছিল ৩২৬।