নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ প্রায় ২০ মাস ধরে নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে মানবেতর জীবন যাপন করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের দত্তবস্তি গ্রামের আদিবাসী ও বাঙ্গালি জনগোষ্ঠীর শতাধিক পরিবার। জানা যায় গত ১১ ডিসেম্বর ২০১৪ তে ঐ এলাকার দত্তবস্তির পার্শ্ববর্তী জুলেখানগর চা বাগানের মালিকপক্ষ জোরপূর্বক দত্তবস্তিতে হামলা চালিয়ে বাসিন্দাদের ঘরবাড়ি, ফসল, বিভিন্ন ফলজ, বনজ গাছ সন্ত্রাসী বাহীনি ও হাতিদ্বারা গুড়িয়ে শতাধিক পরিবারকে ভিটে থেকে বিতাড়ন করে দত্তবস্তি জবর দখল করে নেয়। পরে এই বাসিন্দারা প্রশাসনের শরনাপন্ন হন,মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলনেও নামেন, কিন্তু অনেকটা রহস্যজনক ভাবে দখলদারদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো ভুক্তভোগী অনেককে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করারও অভিযোগ করেন উদ্ভাস্ত বাসিন্দারা। ভিটে মাটি হারিয়ে অনেকেই নিকটস্থ আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়ে বর্তমানে মানবেতর দিন কাটাচ্ছেন।এর মধ্যে অধিকাংশ পরিবার কৃষি নির্ভর হওয়ায় নিজেদের সর্বস্ব হারিয়ে সংকটাপন্ন অবস্থায় কাল অতিবাহিত করছেন, বন্ধ হয়ে গেছে সন্তানদের পড়ালেখাও।এছাড়া ভূমিখেকোদের অব্যাবহত হুমকি, হয়রানিতে নিরীহ ঐ বাসিন্দাদের মধ্যে ভয় ও আতংক বিরাজ করছে বলে জানান ভুক্তভোগী বিক্রম তাতী, দমেশ কন্দ, সুরেন্দ্র কন্দ, কাদির মিয়া, হাছিম মিয়া সহ অনেকেই।উক্ত ঘটনায় বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখা, পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি,ত্রিপুরা কল্যান সমিতি, চা শ্রমিক ইউনিয়ন, রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সামাজিক, মানবাধিকার সংগঠন সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন করেন ও এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. কিশোরী পদ দেব উক্ত ঘটনাকে নির্মম আখ্যায়িত করে ভূমিখেকোদের কবলে সর্বস্বহারা এই অসহায় জনগোষ্ঠীর পক্ষে যথাসাধ্য লড়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন, এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি যুদ্ধ চালিয়ে যাবেন বলেও জানান।