মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মো. দেলোয়ার হোসেন সরদার (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গতকাল শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাজী বাঁকাই ইউনিয়নের বাসতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ শনিবার(৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোলায়মান মাহমুদ।
গ্রেফতার দেলোয়ার হোসেন সরদার গোপালপুর ইউনিয়নের মৃত হাসমত আলী সরদারের ছেলে। তিনি অতীতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান জানান, সুনির্দিষ্ট একটি মামলায় দেলোয়ার হোসেন সরদারকে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





