আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥২নভেম্বর’২০১৭ঃ ঝিনাইদহে জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার বিষয়খালী গ্রামের মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে উন্নয়ন ধারা ও হারভেস্ট প্লাস বাংলাদেশ। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশীদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, হারভেস্ট প্লাস বাংলাদেশ এর প্রতিনিধি কৃষিবিদ মজিবর রহমান, উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী প্রফুল্ল কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উন্নয়ন ধারার কর্মকর্তা তানভীর আহমেদ রনি।
এসময় বক্তারা বলেন, রোগ-বালাই সহিঞ্চু জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২ আবাদ করলে ফলন ভালো পাওয়া যায়। কৃষি বিভাগের পাশাপাশি এ ধান চাষাবাদে কৃষকদের পরামর্শ ও কারিগরি সহায়তা প্রদান করছে উন্নয়ন ধারা ও হারভষ্টে প্লাস-বাংলাদেশ। জিংক সমৃদ্ধ ব্রি-ধান ৭২ এ অঞ্চলে ব্যাপক সারা জাগিয়েছে। জিংক সমৃদ্ধ ব্রি-৭২ জাতের চালের ভাত খেলে মানব দেহে জিংক-এর অভাব পূরণ করা সম্ভব। তাই কৃষক-কৃষাণীদের এ ধানের আবাদ করার জন্য আহ্বান জানানো হয়।