ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের কালিকাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সনজের আলী নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা।
আহত কলেজ শিক্ষককে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্বজনরা জানায়, হরিণাকুন্ডুর হাজী আরশেদ আলী ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ঝিনাইদহ শহরের কালিকাপুরে বসবাস করেন। বাড়ীর পাশের জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বেশ কয়েক বছর যাবত বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সোমবার দুপুরে প্রতিপক্ষরা শিক্ষক সনজের আলীকে বাড়ীর পাশের রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে।
সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগপ্রাপ্তি স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।