বিশেষ প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের পক্ষে পঞ্চম দিনের মতো যুক্তি উপস্থাপনের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত।
একইসঙ্গে আগামীকালের জন্য এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আজ মঙ্গলবার বেলা ১১টা ৩৮ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতে পৌঁছানোর পরও মামলা শুরুর জন্য আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। গত এক বছরে মৃত্যুবরণ করা আইনজীবীদের স্মরণসভা অনুষ্ঠিত হওয়ায় আদালতের কার্যক্রম দুপুর ২টার দিকে শুরু হয়।
ফলে এই দীর্ঘ আড়াই ঘণ্টা সময় আদালতের এজলাসে বসে সময় কাটাতে হয় বিএনপির প্রধানকে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।
যদিও আজকের যুক্তিতর্কে খালেদা জিয়ার অংশগ্রহণ ছিল না। কেননা, আজ এই মামলার অন্য আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে। তবে শুনানিতে অনুপস্থিত থাকার আবেদন আদালত নাকচ করে দেওয়ায় মামলার কার্যক্রম চলাকালে প্রতিদিনই হাজির হতে হচ্ছে খালেদা জিয়াকে।
খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা থেকে জানা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে ‘শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’-এর নামে ৪২ কাঠা জমি কেনা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি। জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।
এ মামলার অপর আসামিরা হলেন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।