শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আজ ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫’-এর উদ্বোধন এবং ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদান করেন। এবারের প্রতিপাদ্য-‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’। অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮টি ক্যাটাগরিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হয়েছেন শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) শ্রেষ্ঠ সুপারিনটেনডেণ্ট টাঙ্গাইল পিটিআইর সুপারিনটেনডেণ্ট মুহাম্মদ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন সরকার, শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর রাজশাহী পিটিআই’র ইন্সট্রাক্টর মোঃ কামরুজ্জামান, শ্রেষ্ঠ উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর নীলফামারীর ডিমলার ইনস্ট্রাকটর মোঃ মাসুদ করিম, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হবিগঞ্জের মাধবপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বগুড়ার গাবতলীর পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নীলফামারীর সৈয়দপুরের সাবর্ডিনেট কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি সুলতানা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ষাড়েরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইনাম উল্লাহ খান, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা জামালপুর সদরের হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুর কুল্যাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহা: মতিয়ার রহমান, শ্রেষ্ঠ কর্মচারী নোয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর মোহাম্মদ মহিন উদ্দিন। এছাড়া, প্রতিষ্ঠান পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হয়েছে দিনাজপুরের চিরিরবন্দরের সুব্রত খাজাঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ পিটিআই রাজশাহী পিটিআই।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান বক্তব্য রাখেন।
শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান এবং তাদের অবদানের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক শিক্ষা পদক প্রদানের উদ্যোগ নেওয়া হয়। ১৯৮৫ সাল থেকে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অনুযায়ী বিজয়ীদের ১৮টি ক্যাটাগরিতে (বালক ও বালিকা) মোট ১০৮টি পুরস্কার এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ১৪টি ক্যাটাগরিতে ৪২টি পুরস্কারসহ মোট ১৫০টি পুরস্কার প্রদান করার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাচ্ছে যথাক্রমে ৩০, ২৫ এবং ২০ হাজার টাকাসহ পদক ও সনদপত্র এবং ব্যক্তি পর্যায়ে সেরা স্থান অধিকারীরা পাচ্ছেন ৫০ হাজার টাকাসহ পদক ও সনদপত্র এবং প্রতিষ্ঠান পর্যায়ে সেরা স্থান অধিকারীরা পাচ্ছেন ৫০ হাজার টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র।
‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫’ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় পর্যায়ের পাশাপাশি উপজেলা ও থানা পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠান এবং স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা, শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল, কাব সদস্য ও ক্ষুদে ডাক্তারদের নেতৃত্বে শিক্ষার্থী ও শিক্ষকদের বিদ্যালয় পরিচ্ছন্নতা অভিযান, শিক্ষার্থী ও শিক্ষকদের প্রস্তুতকৃত শিক্ষাউপকরণ দ্বারা সজ্জিতকরণ ইত্যাদি উদ্যোগ থাকবে।
এছাড়া, জাতীয় পর্যায়ে উদ্বোধন অনুষ্ঠানে ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ বিতরণ, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত ভিডিও প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।