একটি জাতির উন্নতি নির্ভর করে সে দেশের নাগরিকদের ওপর। সে দেশের নাগরিক যদি সুস্থ-সবল হয় তাহলেই সম্ভব উন্নতি। বঙ্গবন্ধু একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। বলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম।
আজ বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রদত্ত রোলার হস্তান্তর এবং সরকারি শিশু পরিবারে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খেলার দিকে যারা মনযোগী, তারা খারাপ কাজে মনযোগী হয়না। খেলাধুলার সাথে সাথে লেখাপড়ায় মনযোগী হলেই দেশ সোনার বাংলা হতে পারবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে একসময় ফুটবলের প্রতি ছেলেদের আগ্রহ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে ছেলেরা এখন ক্রিকেটের প্রতি মনযোগী বেশি।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে বরিশালের বিসিক এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানান। এসময় তিনি বলেন, বরিশালে এমনিতেই শিল্প কারখানা কম। বরিশালে যারা শিল্প-কারখানা করছেন বা উদ্যোক্তা রয়েছেন তাদের যদি সহযোগীতা না করা হয়, তাহলে তারা এখানে কিছু করবে না। কোন অপরাধী যেন সেখানে বিচরণ না করতে পারে।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো প্রমূখ।


