× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

কূটনৈতিক প্রতিবেদক

ছাদ থেকে ইট পড়ে পথচারী ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে সদরঘাট শাখায় কর্মরত ছিলেন ৩৭ বছর বয়সী দীপান্বিতা বিশ্বাস (দীপু)। পরিবারের সঙ্গে থাকতেন মগবাজারের গাবতলা এলাকার জাহা বক্স লেনের ৬৫৪ নম্বর বাসার দোতলায়। বুধবার তিনি অফিসের স্টাফ বাসে শান্তিনগর এলাকায় এসে নামেন। এর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেঁটে মৌচাক মার্কেট পার হওয়ার পর ১১৭/১ নিউ সার্কুলার রোডে ফখরুদ্দিন পার্টি সেন্টার ভবনের ছাদ থেকে ইট (কংক্রিটের ব্লক) মাথায় পড়ে পথচারী ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাসের মৃত্যু হয়।

সন্ধ্যা হলেই আনন্দ-উল্লাসে মেতে উঠত তিন বছর বয়সী ঋষিরাজ। মায়ের অপেক্ষায় ক্ষণ গুনত সে– কখন মা এসে তাকে আদর করবে, খাইয়ে দেবে, খেলা করবে। মা দীপান্বিতা কর্মজীবী হওয়ায় সারাদিন তার সঙ্গে দেখা হতো না। এ জন্য সন্ধ্যায় মা ফিরলে ঋষিরাজের আনন্দের সীমা থাকত না। তবে গত বুধবারের সন্ধ্যা অন্য দিনগুলোর মতো ছিল না। এদিন ঋষিরাজের মা আর ফেরেননি।

মৃতা দীপান্বিতা বিশ্বাসের স্বামী সফটওয়্যার প্রকৌশলী তরুণ কুমার বিশ্বাস একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হন তার স্ত্রী। ফেরার পথে গুরুতর আহত হওয়ার পর লোকজন তাকে উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তরুণ কুমার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিন বছরের ছেলে ঋষি রাজকে এখন তিনি কীভাবে বড় করবেন? তিনি আরও বলেন, তিনি হত্যা মামলা করলেও, কারা ইট ছুড়ে মেরেছেন, তা জানেন না। পুলিশের তদন্তে যা আসে, তা–ই মেনে নেবেন তিনি।

মৃতা দীপান্বিতা বিশ্বাসের ছোট বোন তুলসী সানা জানান, তরুণ ও দীপান্বিতা নিজেরা পছন্দ করে ২০১৫ সালে বিয়ে করেন। ছোট্ট ঋষিরাজকে নিয়ে তাদের ছিল সুখের সংসার। দীপান্বিতার পেশাগত ব্যস্ততার কারণে ঋষির দেখভাল করতেন তুলসী। তবে সারাদিন মাসীর কাছে থাকলেও সন্ধ্যায় শিশুটি উচাটন হয়ে মায়ের জন্য অপেক্ষা করে। এর মধ্যে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে দীপান্বিতা কল করে সন্তানের খোঁজ নেন। তিনি সন্ধ্যায় বাসায় ফিরবেন বলেও জানান। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত না ফেরায় তার নম্বরে কল করেন তরুণ। তখন এক পুলিশ সদস্য কল রিসিভ করে তাদের হাসপাতালে যেতে বলেন। তারা গিয়ে আর দীপান্বিতাকে জীবিত পাননি।

তুলসী জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি ঋষির বয়স তিন বছর পূর্ণ হবে। সে এখনও ঠিকঠাক কথা বলে না। চিকিৎসার জন্য কিছুদিন পর তাকে ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেজন্য পাসপোর্টও করা হয়েছিল। তবে তার আগেই নিভে গেল দীপান্বিতার জীবনপ্রদীপ। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বড় ছিলেন দীপান্বিতা বিশ্বাস (দীপু)।

তুলসী আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ঋষিকে তার মায়ের মৃতদেহ দেখানো হয়নি। ছোট্ট শিশুটি মাকে না পেয়ে ছটফট করলেও নিষ্ঠুর সত্যটি বুঝতে পারেনি। তবে গতকাল রাতে শেষকৃত্যের আগে শেষবার তাকে মায়ের মুখ দেখানো হয়। তুলসীর অভিযোগ, ফখরুদ্দিন পার্টি সেন্টার ভবনের ছাদ থেকে ইট পড়ে তার বোনের মৃত্যু হয়েছে। সেখানে হয়তো কোনো নির্মাণকাজ চলছিল। তিনি এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মৃতা দীপান্বিতা বিশ্বাসের সহপাঠী মোছা. শাহনাজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে পড়েছেন দীপু (দীপান্বিতা)। ৬ বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। তার বাবার বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়। আর শ্বশুরবাড়ি একই জেলার পাইকগাছায়।

সিমেন্ট-বালু দিয়ে তৈরি ইট বা কংক্রিটের ব্লকটি কোথা থেকে পড়েছে তা ২৪ ঘণ্টাতেও নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল সরেজমিন দেখা যায়, ফখরুদ্দিন পার্টি সেন্টারের ওই ভবনটি চারতলা। সুলতান টাওয়ার নামে ভবনটির নিচে পার্কিং, দোতলায় ফখরুদ্দিন রেস্টুরেন্ট, তৃতীয় তলায় পার্টি সেন্টার ও চতুর্থ তলায় ভবন মালিকের স্টোর রুম। খোলা ছাদের এক পাশে পাথরসহ পরিত্যক্ত কিছু আসবাবপত্র।

দীপান্বিতা বিশ্বাসের মৃত্যুর ঘটনাকে দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয় বিদারক। এ জাতীয় ঘটনা নতুন নয়, এর আগেও বিভিন্ন সময়ে ভবন থেকে ইট পড়ে পথচারীরা গুরুতর আহত হয়েছেন। কখনও প্রাণহানিও হয়েছে। অসতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবন নির্মাণের সময় সেফটি ক্যানোপি ও নেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত এবং ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ বাস্তবায়নে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয় তা কমিশনকে অবহিত করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে। আদেশের অনুলিপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকেও পাঠানো হয়েছে।

দীপান্বিতা বিশ্বাস দীপুর মৃত্যুকে নিষ্ঠুর হত্যা উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। শোক জানিয়ে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, দীপুর এ মৃত্যু প্রকারান্তরে নিষ্ঠুর হত্যাকাণ্ডের নামান্তর। অফিসার্স কাউন্সিল এ ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এ ছাড়া তার আত্মার সদ্গতি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া সংবাদ মাধ্যমের কাছে বলেন, মৃতের স্বামী তরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। ইট বা ব্লকটি কোথা থেকে পড়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে শুধু তাঁর মাথায় ইট পড়ার দৃশ্য আছে। ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে, পাশের কোনো ভবন বা উড়াল সড়ক থেকেও ইটটি পড়তে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে কারও অবহেলা ছিল কিনা তা খুঁজে বের করা এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে মানবাধিকার কমিশন।


এ ক্যটাগরির আরো খবর..