আমরা চাচ্ছি-বাংলাদেশে শতভাগ ভূমিহীন-গৃহহীন পুনর্বাসন হবে। প্রত্যেকটা মানুষ তার ঠিকানা পাবে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ একটি মানুষের ঠিকানা। জীবন-জীবিকার একটি সুযোগ। বেঁচে থাকা, স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়ন করা। আমার বাবা যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন, সে দেশের কোনো মানুষ যেন ঠিকানাহীন না থাকে। তাদের জীবনটা যেন অর্থহীন হয়ে না যায়। তাদের জীবনটা যেন সুন্দর হয়, সেই লক্ষ্য নিয়েই এই উদ্যোগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রথম করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে তার হাতে গড়া বাংলাদেশের প্রতিটি মানুষের যেন অন্তত একটা বসবাসের জায়গা করে দেওয়া। সেই লক্ষ্য নিয়েই এই আশ্রয়ণ।
প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীর প্রতি বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করার পাশাপাশি খাদ্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটা ঘর দিলে শুধু ঘর না। এর সঙ্গে আপনি, আপনার পরিবার, নাতি ও ভবিষ্যৎ প্রজন্ম সবার জন্যই একটা ঠিকানা হয়ে যাচ্ছে। স্বাধীন বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন সেটা পূরণ করাই আমার লক্ষ্য।
সরকারপ্রধান বলেন, আমরা কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ওষুধ-চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আমরা প্রত্যাকটা অঞ্চলে স্কুল তৈরি করে দিচ্ছি। প্রতিটি জেলায় জেলায় আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করে দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ করেছি। সবার হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যের বিষয় হলো একদিকে করোনা, অপরদিকে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। আর এই যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তাতে আমাদের সার, খাদ্য কিনতে সমস্যা হচ্ছে। কারণ, ডলার দিয়ে কেনা যায় না।
তিনি বলেন, এসব কারণে আজকে শুধু বাংলাদেশ না। সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। খাদ্যের জন্য হাহাকার। এমনকি উন্নত দেশগুলোতে পর্যন্ত সেই হাহাকার দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আজকে আমেরিকা, ইংল্যান্ড সব জায়গায় বিদ্যুৎ সাশ্রয় করা, পেট্রোল-ডিজেল সাশ্রয় করার; জ্বালানি সাশ্রয় করার উদ্যোগ উন্নত দেশগুলো নিয়েছে। আমরা এখনও আমাদের দেশকে ভালোভাবে চালাতে পারছি। কিন্তু আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। এ ছাড়া সতর্কতামূলক পদক্ষেপও আমরা নিয়েছি।
তিনি বলেন, তাই আমি সবাইকে অনুরোধ করব বিদ্যুৎ সাশ্রয় করতে হবে। পানি ও জ্বালানি ব্যবহার সাশ্রয় করতে হবে। আর এক ইঞ্চি জমি যেন পড়ে না থাকে, প্রত্যেকে খাদ্য উৎপাদন করতে হবে। কারণ, অনেক উন্নত দেশে খাদ্যের জন্য হাহাকার। ইংল্যান্ডের মতো জায়গায় লন্ডনে এক লিটারের বেশি খাবারের তেল কেউ কিনতে পারে না। আমাদের তো এখনই ইচ্ছা করলে পাঁচ লিটার কিনতে পারছে। আমরা জোগাড় করে দিচ্ছি। কিন্তু আমাদের প্রত্যেকেই যদি ভাবি আমাদের সাশ্রয়ী হতে হবে এবং নিজেদের যতটুকু জমি আছে আমাদের উৎপাদন বাড়াতে হবে। যে যা পারেন কিছু একটা করেন, যেন আপনার নিজের খাবারের ব্যবস্থাটা আপনি নিজে করতে পারেন। তার ফলে আমাদের কারও কাছে হাত পেতে চলতে হবে না।
শেখ হাসিনা বলেন, আজকে ইউরোপ এবং ইংল্যান্ডে দাবানল। লন্ডন শহরে কোনো কারণ ছাড়াই আগুন জ্বলছে বাড়িঘরে, রেল লাইনগুলো গলে যাচ্ছে। হিথ্রো বিমানবন্দরে প্লেন নামতে পারে না। রাস্তায় গাড়ি চলতে পারে না। একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ স্পেনসহ ইউরোপের বিভিন্ন জায়গায়।
তিনি বলেন, একদিকে করোনা থেকে উদ্ধার পেতে না পেতেই যুদ্ধের অবস্থা। তারপরে স্যাংশান (নিষেধাজ্ঞা)। ডলার দিয়ে কেনার বাধা। সেদিকে যেমন সমস্যা, অপরদিকে আবার বিশেষ করে ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকায়, অস্ট্রেলিয়া ও আফ্রিকায় দাবানল। সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে। আমরা জানি আমাদের কী কী প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। তার জন্য নিজেদের সঞ্চয় করতে হবে। আপদকালে যেন আপনাদের পরিবার যেন কষ্ট না পায়, সেটা আপনাদের ব্যবস্থা করতে হবে। আমরা সরকার সব সময় পাশে আছি। আমরা থাকব, করব, তাছাড়া নিজেদেরও ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব। সব প্রতিকূলতা অতিক্রম করেই বাংলাদেশ এগিয়ে যাবে।
প্রসঙ্গত, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় আজ আরও ২৬ হাজার ২২৯ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।