তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি: সম্মেলনের পর ১২০ দিন পার হয়ে গেলেও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের এখনো কমিটি ঘোষণা হয়নি। এ দিকে কমিটি না থাকায় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের অন্যতম শাখা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের রাজনীতি অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পদপ্রত্যাশীরা।
পদপ্রত্যাশীদের অভিযোগ- কারা নেতা হবেন, তারা কে কার অনুসারী, কোন এলাকার নেতা। এসব হিসাব নিকাশ শেষ হচ্ছে না বর্তমান নেতাদের। তাই কমিটি গঠনে দেরি হচ্ছে। আবার কমিটিতে পদ-পদবি নিয়ে অর্থের লেনদেন হচ্ছে এমন গুঞ্জনও রয়েছে সাংগঠনিক এলাকায়। অন্যদিকে দীর্ঘদিন যাবত কমিটি না থাকায় একদিকে বাড়ছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত, অন্যদিকে ছাত্রলীগের রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছেন সাধারণ ছাত্ররা। এতে ভবিষ্যৎ নেতৃত্ব সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন সাবেক ছাত্রনেতারা।
তবে নাম প্রকাশ না করার শর্তে তৃণমূলের কয়েকজন নেতাকর্মী জানান, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের পদপ্রত্যাশী একাধিক নেতার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ও কিশোর গ্যাং গঠনের অভিযোগ রয়েছে। প্রার্থী হিসাবে রয়েছে বিবাহিত সাবেক ছাত্রনেতা। অন্যদলের অনুপ্রবেশকারী কয়েকজন ছাত্রনেতার নামও শোনা যায়। থানা ছাত্রলীগের সভাপতি পদপার্থী আবু তালেব বলেন, কি কারনে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটি হচ্ছে না তা আমার জানা নেই। জেলা ছাত্রলীগ যদি গঠনতন্ত্রের বাহিরে কমিটি দেয় সেটা ছাত্রলীগের কর্মীরা সহজ ভাবে মেনে নিবে না। ছাত্রলীগের সকল নেতা-কর্মী অধির আগ্রহে অপেক্ষায় আছে নতুন নেতৃত্বের জন্য। আশাকরি জেলা ছাত্রলীগ অতিদ্রুত মেধাবী, দক্ষ সংগঠক এর হাতে নতুন নেতৃত্ব তুলে দিবে।
থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী মাহফুজ আহমেদ সৌরভ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র পরিপন্থী কোনো কমিটি যদি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগে গঠিত হয়,তাহলে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের তৃণমূল নেতা কর্মীরা সেটা মেনে নিবে না। কোনো মাদক সেবনকারী , মাদক ব্যবসায়ী,অছাত্র,বয়স্ক কোনো ব্যক্তি কে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের তৃণমূল কর্মীরা ঠাই দিবে না।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাদাত হোসেন শরীফ বলেন, পদপ্রত্যাশী সবপ্রার্থীর বায়োডাটা কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, একেকজনের পক্ষে-বিপক্ষে বিভিন্ন প্রভাবশালী নেতার সুপারিশ থাকায় বিষয়টি সমাধানের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা আমাদেরকে সিদ্ধান্ত জানাবেন। যার কারণে কমিটি ঘোষণা করতে একটু দেরি হচ্ছে। তবে খুব শীঘ্রই চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের কমিটির ঘোষণা আসতে পারে বলে তিনি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গ : গত বছরের ২০ অক্টোবর হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণভাবে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রলীগের সিদ্ধান্ত অনুযায়ী ৫০ মার্কসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় পদপ্রত্যাশীদের। যেখানে বাংলাদেশের ইতিহাস, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড, ছাত্রলীগের ইতিহাস ও আদর্শ এবং সমসাময়িক রাজনীতি সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়। এ ছাড়াও ছাত্রলীগের নেতৃত্বে মাদকসেবীদের পদপ্রাপ্তি ঠেকাতে পদপ্রত্যাশী প্রত্যেককেই ডোপ টেস্টের সম্মুখীন হতে হয়েছে।





