গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামে পঞ্চম শ্রেনীর এক শিশু স্কুল ছাত্রী (১২) কে ধর্ষনের উদ্দেশ্যে অপহরণের ঘটনার তিনদিন পর বৃহস্পতিবার সকালে গৌরনদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, ওই গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে বখাটে যুবক আরিফ মোল্লা (২৮) একই বাড়ির সামচুল হক সরদারের স্ত্রী হেনা বেগমের সহায়তায় তাদের প্রতিবেশী পঞ্চম শ্রেনীর এক শিশু স্কুলছাত্রী (১২)কে ধর্ষণের উদ্দেশ্যে গত ৬ ডিসেম্বর সকালে অপহরণ করে।
অপহরনের পর বখাটে আরিফ তার নিজকক্ষে অপহৃতাকে আটক করে রাখে। শিশু ছাত্রীর পরিবারের সদস্যরা তাকে খোজাখুজির এক পর্যায়ে এলাকার কয়েকজন ব্যক্তির সহায়তায় ওইদিন দিবাগত রাত ৯টার দিকে বখাটে আরিফের শয়নকক্ষ থেকে অপহৃতা শিশুছাত্রীকে উদ্ধার করে। ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয় কয়েকজন প্রভাবশালী ওই ছাত্রীর পরিবারের ওপর চাঁপ প্রয়োগ করে পরিবারটিকে এলাকায় জিম্মি করে রাখে।
লোকমুখে খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার দিবাগত রাতে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান। পরে থানা পুলিশের সহযোগীতায় ওই শিশুছাত্রীর মা বৃহস্পতিবার থানায় বখাটে আরিফ ও তার সহযোগী হেনা বেগমকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান, ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য শিশুছাত্রীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।