গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজিবি নয়, সেনা মোতায়েন করতে হবে। একইসঙ্গে দুই সিটিতে ইভিএম ব্যবহার বাতিল করতে হবে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি জানান।
রুহুল কবির রিজভী বলেন, গেলো দুদিন ধরে নির্বাচন কমিশনার ঘোষণা দিচ্ছে, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে না। ইলেকট্রনিক ভোটের মেশিন ব্যবহারে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন কমিশন অনেক সেন্টারে ইভিএম ব্যবহার করতে চাইছে। নির্বাচন কমিশন আদৌ দুই সিটির নির্বাচন সুষ্ঠু চায় কিনা সন্দেহ আছে।
রিজভী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা দুই সিটিতে সশস্ত্র মহড়া দিচ্ছে। তাদের হাতে হাতে বৈধ-অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। বৈধ অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারের কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সরকারদলীয় নেতাকর্মীরা মিছিল করছেন, মিটিং করছেন এবং সমাবেশ করছেন বীরদর্পে। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের সভাসমাবেশ তো দূরের কথা, বাড়িতে ঘুমাতে পর্যন্ত পারছে না।
রিজভী বলেন, বিএনপি নেতাকর্মীদের জীবন কাটছে হয় জেলখানায়, না হয় আদালতের বারান্দায়। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যা মামলা মাথায় নিয়ে দিনের পর দিন পুলিশের দৃষ্টি এড়িয়ে ক্ষুধায় তৃষ্ণায় পালিয়ে বেড়াতে হচ্ছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক নেতাকর্মীদের বিরুদ্ধে কমপক্ষে ৩০-এর ঊর্ধ্বে শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে। সারাক্ষণ আইনশৃঙ্খলা বাহিনী তাদের তাড়া করছে।