আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই গতবারের চেয়ে এবছরের রমজান হবে স্বস্তিদায়ক। বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
উপদেষ্টা আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির ১০ম সভা শেষে সাংবাদিকদের বিফ্রিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, বর্তমান বাজার দরের তথ্য নেওয়া হয়েছে। আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে গতবছরের চেয়েও এবছরের রমজানের বাজার আরো ভালো হবে। গতবছরের তুলনায় এবছরের রমজানের বাজারে আরো বেশি স্থিতিশীল থাকবে বলে আমাদের বিশ্বাস।
উপদেষ্টা আরো বলেন, আজকের সভায় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম আরো কমবে।
নেত্রকোনায় এক অনুষ্ঠানে পদ্মাসেতু নির্মাণের কারণে চালের দাম বেড়েছে বলে আপনি মন্তব্য করেছেন এটা কিভাবে হয়েছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে-এতে টাকার অবমূল্যায়ন হয়েছে। আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে, এসবের প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে বা দামে।
এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, বেসরকারি বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।