গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ বিকেলে তার অফিস কক্ষে অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে অবহিত করেন।
মন্ত্রী বলেন, সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন।
তথ্যমন্ত্রী এ সময় হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন। তিনি গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার তথ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।




