কেন্দ্রীয় ব্যাংকের ঋণ চুক্তি

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে।

বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট’ এর আওতায় এই ঋণ সহায়তা দেওয়া হবে। বুধবার বিকেলে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার সভাপতিত্বে ছয়টি ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের তৃতীয় পর্ব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক, উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে গত ১৯ নভেম্বর প্রথম পর্বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের সঙ্গে এবং ১ ডিসেম্বর দ্বিতীয় পর্বে ছয়টি ব্যাংক যথাক্রমে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের সঙ্গে এরূপ চুক্তি স্বাক্ষর হয়।

বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী অর্থায়ন তহবিল পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে তৃতীয় দফায় আজ ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে অংশগ্রহণমূলক-চুক্তি স্বাক্ষর হয়েছে। অচিরেই যোগ্যতাসম্পন্ন অন্য ব্যাংকসমূহের সঙ্গেও এ চুক্তি স্বাক্ষর হবে।

অংশগ্রহণকারী ব্যাংকগুলো দীর্ঘমেয়াদী এই তহবিল যথাযথভাবে ব্যবহার করে শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি খাতের পূর্ণমাত্রার সম্প্রসারণ ঘটাতে সক্ষম হবে। তবে এই উন্নয়ন প্রচেষ্টায় পরিবেশগত ঝুঁকির সৃষ্টি না হয়, সেই দিকে কঠোর নজর রাখার ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশ দেন ডেপুটি গভর্নর। দেশজ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়নের এই প্রচেষ্টায় দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধি ত্বরান্বিত হবে বলে তিনি আশা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।