কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি ॥ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ভূইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাদীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের জমিদাতা সদস্য আব্দুস সাত্তার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। তার অভিযোগের প্রেক্ষিতে বিষয়টির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনছুর রহমান কেন্দুয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিবরণে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে আব্দুল হাদী ক্ষমতার অপব্যবহার ও প্রতিষ্ঠা লগ্নের সভাপতিসহ পরিচালনা কমিটির সদস্যদের সাথে অসদাচারণ এবং অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসা-যাওয়া করছেন। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিদ্যমান থাকার পরও সহসভাপতিকে সভাপতি বানিয়ে সরকার বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত স্লীপের টাকা উত্তোলন করেন এবং ওই টাকা নির্দিষ্ট খাতে ব্যয় না করে আতœসাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এসব অনিয়ম-দুর্নীতির বিষয়ে এলাকাবাসী বারবার মৌখিকভাবে সর্তক করলেও তিনি তা কর্ণপাত করেননি।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক জানান, অভিযোগের তদন্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর প্রতিবেদন দেওয়া হয়েছে।