হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ঢাকায় এসেছে তুরস্কের আট সদস্যের প্রতিনিধিদল। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সাথে আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করেছে তুরস্কের বিশেষজ্ঞ দলটি।
তুরস্কের বিশেষজ্ঞ দলের নেতৃত্ব দেন ফার্স্ট ডিগ্রি চিফ সুপারিনটেনডেন্ট ওইকুন ইলগুন (Oykun ILGUN)। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন (Ramis Sen), মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা এবং মন্ত্রণালয়ের বিমান ও সিভিল অ্যাভিয়েশন অনুবিভাগের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৈঠকে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তুরস্কের বিশেষজ্ঞ দল তদন্তে সকল প্রকার কারিগরি ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে একযোগে কাজ করার নিশ্চয়তা প্রদান করেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা বিশেষজ্ঞ দলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই সহযোগিতা দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করবে এবং তদন্ত কার্যক্রমকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।