এসএসএফ আইনে নিরাপত্তা পাবে জাতির পিতার পরিবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের দৈহিক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে ‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন-২০২১’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
১৭ই মে সোমবার মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, সামরিক শাসনের সময় জারি করা অধ্যাদেশের মাধ্যমে উল্লিখিত বাহিনীটি চলছে। উচ্চ আদালতের নির্দেশনায় এটিকে নতুন করে আইনে রূপান্তর করা হচ্ছে। এতে নতুন করে যুক্ত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৈহিক নিরাপত্তা প্রদানের বিষয়টি। জাতির পিতার পরিবারের সদস্য বলতে জাতির পিতার দুই মেয়ে ও তাঁদের সন্তান। সন্তানদের স্বামী ও স্ত্রী ও তাঁদের সন্তানরা। এক প্রশ্নের জবাবে সচিব জানান, জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯-এ যা-ই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইনকে প্রাধান্য দেওয়া হবে। সরকারি গেজেট দিয়ে ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধানরাও এই আইনের অধীনে নিরাপত্তা পাবেন।
এ ছাড়া মন্ত্রিসভায় ‘বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন-২০২১’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ২০১৮ সালে প্রণীত স্বর্ণ নীতিমালা সংশোধনও অনুমোদন পেয়েছে। তিনি জানান, নীতিমালাটি সংশোধন হলে দেশের বাইরে থেকে শুধু স্বর্ণ নয়, ডায়মন্ড, প্লাটিনামের মতো মূল্যবান পদার্থের কাঁচামালও আমদানি করা যাবে। এতে দেশে এসংক্রান্ত শিল্প স্থাপন হলে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলে মনে করছে সরকার। এ ছাড়া গতকালের মন্ত্রিসভায় করোনাভাইরাস মোকাবেলায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কী ধরনের উদ্যোগ নিয়েছে তারও একটি খসড়া প্রতিবেদন মন্ত্রিসভায় তুলে ধরা হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব।
ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদসচিব আরো জানান, চলতি ২০২০-২১ অর্থবছরের হিসাব অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের চেয়ে ১৬৩ ডলার বেড়েছে। এ বছর মাথাপিছু আয় হয়েছে দুই হাজার ২২৭ ডলার, যা গত অর্থবছর ছিল দুই হাজার ৬৪ ডলার। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য তুলে ধরেন। সচিব আরো জানান, আজকে (গতকাল সোমবার) প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিল। সে জন্য ক্যাবিনেট থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে তাঁর কার্যক্রমের জন্য।


