আগামী দোল পূর্ণিমা ৩ মার্চ মঙ্গলবার। সনাতন ধর্মের মানুষের গুরুত্বপূর্ণ উৎসব, যা শ্রীকৃষ্ণের লীলা স্মরণে পূজা পার্বন, কীর্তন, ধর্মীয় গানের মাধ্যমে আনন্দ উদযাপন করে থাকেন। তবে এবছরে একই দিনে চন্দ্রগ্রহণ থাকায় সূতক কালে মন্দিরে পূজা-অর্চনা বন্ধ, নতুন শুভ কাজ শুরু করা হয় না, রান্না করা খাবার খাওয়া নিরুৎসাহিত করা হয়। শুধুমাত্র জপ-তপ, প্রার্থনা ও ধর্মীয় পাঠে মনোযোগ দেওয়া হয়।
সাধারণত দোলপূর্ণিমার দিনে ভক্তরা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, শ্রীকৃষ্ণ ও রাধার পূজা করে থাকেন এবং আবির ও রং খেলার মাধ্যমে রাধা ও গোপীদের সঙ্গে এই দোলযাত্রা আনন্দ উযাপন করে। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা কীর্তন, ধর্মীয় গান ও ধর্মীয় আলোচনা করে দিনটি পালন করে।
আগামী ৩ মার্চ, ১৮ ফাল্গুন, মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ(বাংলাদেশ ও ভারতবর্ষ দৃশ্য)। আর প্রায় ৯ ঘণ্টা আগে শুরু হচ্ছে গ্রহণের সূতক কাল। তাই ওইদিন ভোর থেকেই সূতক কার্যকর হবে।
চন্দ্রগ্রহণ শুরু ভারতীয় সময় বিকাল ৩.৩৩ আর বাংলাদেশ সময় বিকাল ৪.০৩ মিনিটে। চন্দ্রগ্রহণ শেষ ভারতীয় সময় সন্ধ্যা ৬.২০ মিনিট আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০ মিনিটে।
চন্দ্র গ্রহণের ৯ ঘন্টা পূর্ব থেকে অশুভ সময় সূতক কাল। অর্থাৎ ভারতীয় সময় সকাল ৬.২০ মিনিট থেকে অশুভ সময়ে কোন পূজা পার্বণ ও রং খেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
ধর্মীয় শাস্ত্র ও প্রাচীন জ্যোতিষগ্রন্থ মতে, চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতক কাল সাধারণত গ্রহণ শুরু হওয়ার ৯ ঘণ্টা আগে থেকে শুরু হয়। এবং সূর্যগ্রহণের ক্ষেত্রে এটি ১২ ঘণ্টা আগে থেকে ধরা হয়।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূতক কালে মন্দিরে পূজা-অর্চনা বন্ধ রাখা হয়, নতুন শুভ কাজ শুরু করা হয় না, রান্না করা খাবার খাওয়া নিরুৎসাহিত করা হয়। জপ-তপ, প্রার্থনা ও ধর্মীয় পাঠে মনোযোগ দেওয়া হয়।
প্রচলিত মত অনুযায়ী—শিশু, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারী এদের জন্য সূতকের বিধিনিষেধ শিথিল ধরা হয়।
সূতক চলাকালীন ও গ্রহণকালে খাবার গ্রহণ বর্জন করার নিয়ম প্রচলিত। তবে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই নিয়ম শিথিল থাকে। খাবারের পাত্রে তুলসী পাতা দিয়ে রাখার রীতি আছে যাতে খাবার কলুষিত না হয়।
গ্রহণ চলাকালীন ঠাকুর বা দেব-দেবীর মূর্তি স্পর্শ করা নিষেধ। মন্দিরের দরজা সাধারণত এই সময় বন্ধ থাকে।
২০২৬ সালের এই গ্রহণটি দোল পূর্ণিমার দিন পড়ায় হোলিকা দহন বা দোল উৎসব পরের দিন অনুষ্ঠিত করা যেতে পারে। তবে ধর্মীয় বিধান অনুযায়ী, গ্রহণ শেষ করে স্নান করার পরই হোলিকা দহন বা শুভ কাজ করার পরামর্শ দেওয়া হয়।
বৈষ্ণবধর্ম ছাড়া শৈবধর্ম ও শাক্তধর্মেও হোলি উৎসবের তাৎপর্য রয়েছে। হোলি নিয়ে আরেকটি গল্প আছে যা ভালোবাসার জন্য আগুনে পুড়ে আত্মত্যাগ এর সাথে সম্পর্কিত। এই গল্পটি শিব ও কামদেবের। শিবের সাথে পার্বতীর বিয়ে হওয়ার আগে, পার্বতী শিবকে যোগ ও ধ্যান থেকে বাস্তব জগতে ফিরিয়ে আনবার জন্য বসন্ত পঞ্চমীর দিনে প্রেমের দেবতা কামদেবের সাহায্য প্রার্থনা করেন। কামদেব (প্রেমের দেবতা) এবং তার স্ত্রী রতি (প্রেমের দেবী) পার্বতীকে সাহায্য করার চেষ্টা করেছিলেন যাতে পার্বতী শিবকে তার স্বামী হিসেবে পেতে সক্ষম হন। শিব যোগাসনে গভীর ধ্যানে মগ্ন ছিলেন।
কামদেব ও রতি শিবের ধ্যান ভঙ্গ করে পার্বতীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করানোর জন্য তার দিকে তীর ছোঁড়েন। কিন্তু ধ্যানে এই বিঘ্ন ঘটাবার কারণে শিব তার তৃতীয় চক্ষু খোলেন এবং সেই চক্ষুর তেজদীপ্ত চাহনিতে কামদেব দগ্ধ হয়ে ছাইয়ে পরিণত হন। এই ঘটনায় কামদেবের স্ত্রী রতি ভেঙে পড়েন। তাদের তীর কাজ করেনি, বরং শিবকে বিদ্ধ করার আগেই এগুলো ধ্বংস হয়ে যায়।
পরবর্তীতে শিব ও পার্বতীর বিবাহ হয়। এই বিবাহের সময় রতি শিবের কাছে প্রার্থনা করেন যাতে কামদেবকে তার কাছে ফিরিয়ে দেয়া হয়। শিব সম্মত হন, এবং কামদেবকে সত্যিকারের আবেগ এর একটি অবাস্তব সত্তা হিসেবে তাকে ফিরিয়ে দেন। প্রেমের দেবতার এই ফিরে আসা বসন্ত পঞ্চমী উৎসবের চল্লিশ দিন পর হোলি হিসেবে পালিত হয়। এই কামদেবের কিংবদন্তি ও হোলি উৎসবে এর তাৎপর্যের বিভিন্ন প্রকরণ আছে, বিশেষ করে দক্ষিণ ভারতে এই কিংবদন্তির বিভিন্ন রূপ দেখা যায়।