দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে ঘনিষ্টভাবে কাজ করতে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার বিকাল ৩ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করছে অনেক এনজিও। মূলত তাদের সঙ্গে বন্যা পরিস্থিতি মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, বন্যার পানি নামতে শুরু করেছে। এখনই সমন্বিতভাবে স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণ পাঠাতে হবে। তাছাড়া, বন্যা কবলিত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দ্রুত পুনঃস্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করতে সবার সমন্বিত উদ্যোগ জরুরি। এ সময় তরুণদের উদ্যোগের সঙ্গে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
বৈঠকে এনজিওর প্রতিনিধিরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জোন হিসেবে ভাগ করে কাজ করার পরামর্শ দেন। তাছাড়া, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।





