জনগণের কষ্টার্জিত অর্থে নির্মিত এই সেতুকে মুক্তিযুদ্ধের ইতিহাসের মত নিজেদের মালিকানা বানানোর অপচেষ্টায় লিপ্ত আওয়ামী লীগ। একদিকে বন্যা প্লাবিত অঞ্চলে মৃত্যু, অন্যদিকে চলছে উৎসবের প্রস্তুতি। বলেছেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
আজ ২৩শে জুন, রোজঃ বৃহষ্পতিবার দুপুর ১২.০০ ঘটিকায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম নেত্রকোণা জেলা শাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনাব ববি হাজ্জাজ বলেন, “নেত্রকোণাসহ সারাদেশে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বেশিরভাগ জায়গা এখন পানির নিচে। মোহনগঞ্জ এবং খালিয়াজুড়ি উপজেলার অবস্থাও শোচনীয়। সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম জেলায় বন্যাকবলিত লখো মানুষ। সারাদেশে এখন পর্যন্ত প্রায় ৪০ জনের মত মানুষ বন্যার ছোবলে নিহত হয়েছে। ত্রাণ সংকটে মানবেতর জীবনযাপন করছে বানভাসী লাখো মানুষ। বেশিরভাগ দূর্গত এলাকায় অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে অসহায় লাখো পরিবার। দেখা দিচ্ছে পানিবাহিত রোগসহ নানা জটিলতা।
এনডিএম চেয়ারম্যান বলেন, দেশে যখন চলছে ভয়াবহ এক মানবিক বিপর্যয় তখন সরকারের পুরো মনোযোগ পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে। নিজেদের কর্তৃত্ববাদী শাসনকে দীর্ঘস্থায়ী করার লক্ষে শক্তিমত্তা প্রদর্শনের অংশ হিসাবে দেশের গৌরবজ্জল স্থাপনা পদ্মাসেতু চালুর দিনটিকে প্রশ্নবিদ্ধ করছে সরকার।
ববি হাজ্জাজ আরও বলেন, আমরা পদ্মাসেতুর মত জাতীয় স্থাপনা উদ্বোধনের দিনটিকে সবরকমের বিতর্কের উর্ধে দেখতে চাই। সরকারের প্রতি আহবান, উদ্বোধনের আনুষ্ঠানিকতা বাতিল করে স্বাভাবিকভাবে যথাসময়ে পদ্মাসেতু চালু করে বানভাসি মানুষের প্রতি সহমর্মিতা প্রদশর্ন করুন। একইসাথে জরুরি খাদ্য এবং স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে বন্যাপ্লাবিত মানুষের পাশে দাঁড়ান।”
এনডিএম নেত্রকোণা জেলা শাখার আহবায়ক এবং দলের নির্বাহী সদস্য এম আর মাসুমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন। অনুষ্ঠানে সম্মেলন বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা এবং বিশেষ বক্তা ছিলেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাংগঠনিক সম্পাদক (চট্রগ্রাম বিভাগ) নুরুল আমিন লিটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ডা লিয়াকত আলি, যুব আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হুসেইন মোঃ শাহাদাৎ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহবায়ক মাসুদ রানা জুয়েল প্রমুখ।
সম্মেলনে উপস্থিত কাউন্সিলরদের মনোনয়নে এম আর মাসুমকে জেলা সভাপতি এবং আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে নেত্রকোণা জেলা কমিটি ঘোষণা করেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন।