× Banner

ডেস্ক

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা হোসেইনি খামেনি

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
মোজতবা হোসেইনি খামেনি

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি-র দ্বিতীয় সন্তান মোজতবা হোসেইনি খামেনি।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করা হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

অ্যাসেম্বলি অব এক্সপার্টের ভোটে নির্বাচন

ইরানের সংবিধান অনুযায়ী, ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছেন। তিনি প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

হামলায় নিহত হন আলি খামেনি

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার মেয়ে, নাতি ও জামাইসহ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও নিহত হন। এরপর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হচ্ছিল।

সমর্থন ঘোষণা আইআরজিসির

নতুন নেতার প্রতি সমর্থন জানাতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। একই সঙ্গে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও ইরানের সশস্ত্র বাহিনী মোজতবা খামেনির প্রতি আনুগত্য প্রকাশ করে তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা মোজতবা খামেনির প্রতি ‘আন্তরিক ও আজীবন আনুগত্য’ ঘোষণা করছে এবং তার সব নির্দেশনা বাস্তবায়নে সর্বদা প্রস্তুত থাকবে।

রাজনৈতিক প্রভাব ছিল দীর্ঘদিন

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকাকালে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল এবং আইআরজিসির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনিকে তার বাবা বয়সজনিত কারণে দুর্বল হয়ে পড়ার পর থেকেই সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। তবে এ বিষয়ে তিনি নিজে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।

ট্রাম্পের আপত্তি

এদিকে ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি দাবি করেন, ইরানের নেতা নির্বাচনের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে সরাসরি যুক্ত করতে হবে।

তবে ওই মন্তব্যকে উপেক্ষা করেই ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..