স্পোর্টস ডেস্কঃ অনেক দিন ধরেই রানের মধ্যে ছিলেন না সৌম্য সরকার। নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি ম্যাচে রান পাওয়ায় ওয়ানডে স্কোয়াডে জায়গা পান এই ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে মাত্র এক রান করলে পরের দুটি ম্যাচ থেকে বাদ পড়ে যান তিনি। তবে টি–টোয়েন্টি দলের মূল একাদশে আবার তাঁকে ফিরিয়ে আনায় হয়। যথারীতি প্রথম টি–টোয়েন্টিও ম্যাচেও ফ্লপ সৌম্য। অবশ্য দ্বিতীয় ম্যাচে রানের দেখা পেয়েছেন রানখরায় ভোগা বাঁহাতি ব্যাটসম্যান।
আজ ২৬ বলে ৩৯ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন তিনি। সাব্বিরের সঙ্গে তাঁর ৬৮ রানের জুটিতে ম্যাচে ফিরেছিল টাইগাররা। তবে দলীয় ১০৪ রানে সৌম্য ও খানিক বাদে সাব্বির আউট হওয়ায় বাংলাদেশ আবার চাপে পড়ে যায়। ৩২ বলে ৪৮ রান করেন সাব্বির।
জয়ের জন্য নিউজিল্যান্ডের দেওয়া ১৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মিচেল স্যান্টনারের প্রথম ওভারে আউট হন ইমরুল কায়েস। স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে টম ব্রুসকে ক্যাচ দেন ইমরুল। গত ম্যাচের মতো আজও রানের খাতা খুলতে পারেননি টাইগার ওপেনার।
এরপর সাব্বিরকে নিয়ে জুটি বাঁধেন তামিম। দলীয় ৩৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। রানআউট হন তামিম ইকবাল। গ্র্যান্ডহোমের বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝির শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন টাইগার ওপেনার। এরপর বেন হুইলারের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন সাকিব আল হাসান। মাত্র ১ রান করে ফিরে যান সাকিব।