চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের বায়েজীদ মাজারে ডবল এবং সদরঘাটে থ্রিপল মার্ডারসহ সাতটি মামলায় জঙ্গি সংগঠন জে এম বি’র অন্তত আট সদস্যকে অভিযুক্ত করে চার্জশীট দিতে যাচ্ছে পুলিশ।
তদন্তের এ পর্যায়ে সবগুলো ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ফারদিনকে চিহ্নিত করা হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছে নির্দেশদাতাসহ জে এম বি’র অন্যান্যরা।
গত দু’ থেকে আড়াই মাসে বন্দরনগরী চট্টগ্রামে বেশক’টি বড় ধরণের নাশকতা চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে বায়েজীদ এলাকায় মাজারে ঢুকে খাদেমসহ দু’জনকে জবাই করে হত্যা ও সংগঠনের তহবিল সংগ্রহের জন্য টাকা ছিনতাই করতে গিয়ে তিনজন নিহত হওয়ার ঘটনা রয়েছে।
এছাড়া পুলিশের ওপর গ্রেনেড হামলা চালাতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটেছে। সবগুলো ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিকে দায়ী করে চার্জশিট দিতে যাচ্ছে পুলিশ বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল।
তদন্তকারী গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, বায়েজীদের জোড়া খুনের জন্য জন্য ১জন, সদরঘাটে তিন খুনের ঘটনার দু’টি মামলায় ৬ জন, কর্ণফুলী থানার তিনটি মামলার প্রতিটিতে চারজনকে অভিযুক্ত করা হচ্ছে বলে জানা যায় সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গোয়েন্দা) বাবুল আকতার কাছ থেকে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ৭টি মামলার চার্জশিটেই গ্রেফতার হয়নি এ ধরণের বেশ ক’জন জঙ্গি সদস্যের নাম থাকবে।