× Banner
সর্বশেষ

কূটনৈতিক প্রতিবেদক

আফগানিস্তানে ফিরল সেই ভয়াবহ তালিবানি আইন, নারীদের চাবুক ও পাথর মেরে হত্যার শাস্তি

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
ভয়াবহ তালিবানি আইন

সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে, ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে নারীদের উপর দমন–পীড়নের নীতি আফগানিস্তানের তালিবান শাসককুলের ‘আত্মঘাতী পদক্ষেপ’।
নব্বইয়ের দশকের প্রথম দফার শাসনের মতোই এ বারও তালিবান সরকারের লক্ষ্য, ইসলামের নামে কট্টরপন্থী শাসন প্রতিষ্ঠা করা। উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সংকুচিত করার পাশাপাশি পর্দাপ্রথা বাধ্যতামূলক করা এমনকি, একা বাড়ির বাইরে বার হওয়ার উপরেও নানা বিধিনিষেধ জারি হয়েছে সেখানে। গত বছর রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্টে বলা হয়েছে, তালিবান শাসিত আফগানিস্তানেই মহিলাদের উপর সবচেয়ে বেশি নির্যাতনের শিকার।
২০২১ সালের অগস্টে আফগানিস্তানে ক্ষমতা পুনর্দখলের পরে স্বনির্ধারিত পাঁচ ‘সংযমের’ কথা বলেছিলেন তালিবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ। কিন্তু আড়াই বছরের মধ্যেই তা ভুলে গিয়ে শরিয়তি আইন প্রবর্তনের অছিলায় মহিলাদের উপর প্রকাশ্য-নিপীড়়নের নীতি কার্যকরে সক্রিয় হলেন তারা। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে বারবার ঘোষণা করা হচ্ছে, ‘‘পরকীয়া করলে আমরা বেত মারব মহিলাদের… যত ক্ষণ না মৃত্যু হচ্ছে, পাথর ছুড়ে যাওয়া হবে।’’

দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় আসার পরেই পূর্বের ‘পশ্চিম-প্রভাবিত’ সংবিধান খারিজ করে দিয়েছিল তালিবান। এ বার পুরনো দণ্ডবিধি বাতিল করে শরিয়তি শাসনব্যবস্থা ফিরিয়ে আনছে তারা। মহিলা আইনজীবী ও বিচারক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার তালিবান প্রধান হিবাতুল্লা আখুন্দজাদা জানিয়েছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য মহিলাদের কঠোর শাস্তির ব্যবস্থা আবার চালু করছে সরকার। সরকারি টিভি এবং রেডিয়োতে এক ‘অডিয়ো বার্তা’য় আখুন্দজাদার ঘোষণা, ‘‘ব্যভিচারের অপরাধে আমরা নারীদের বেত্রাঘাত করব। আমরা তাদের প্রকাশ্যে পাথর মেরে হত্যা করব।’’

 সংখ্যাগরিষ্ঠ এবং প্রভাবশালী পাশতুন জনগোষ্ঠীর মহিলারা ইতিমধ্যেই রাজধানী কাবুল-সহ দেশের বিভিন্ন এলাকায় তালিবানি নিপীড়নের বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ দেখিয়েছেন। আর তা নিয়ন্ত্রণে রাখতেই এ বার ‘কড়া দাওয়াই’ নীতি প্রণয়ন করতে চলেছে আখুন্দজাদা বাহিনী।

তালিবানের ঘোষণায় অবাক হননি আফগান মহিলারা। তারা ত্রস্ত। ’৯০-এর দশকের সেই অন্ধকার যুগ ফিরে আসার আতঙ্কে দিন কাটছে তাদের। ঘরে পুরুষ অভিভাবক না থাকায় না খেতে পেয়ে মরে যেতে হয়েছে, তবু ঘরের বাইরে পা ফেলতে পারেননি মহিলারা। কিংবা বিনা অপরাধে শুধুমাত্র পরকীয়া সম্পর্কের সন্দেহে প্রকাশ্যে পাথর ছুড়ে ‘খুন’।

গত দু’বছরে তালিবানের নিযুক্ত বিচারক ৪১৭ জনকে প্রকাশ্যে বেত মারা ও মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। এর মধ্যে ৫৭ জন মহিলা। এই ফেব্রুয়ারি মাসেই জওজান ও গজনী প্রদেশে স্টেডিয়াম-ভর্তি লোকের সামনে ‘মৃত্যুদণ্ড’ দেওয়া হয়েছে ‘তথাকথিত অপরাধীদের’। এ ক্ষেত্রেও সাধারণ মানুষের উদ্দেশে তালিবানের কড়া নির্দেশ— এই নরসংহারের ‘শাস্তি-উদ্‌যাপনে’ সকলকে (পুরুষদের) হাজির থাকতে হবে, কারণ সেটা একরকম ‘সহবত পাঠ’, যা জরুরি। তবে ভিডিয়ো করা বা ছবি তোলা বারণ।


এ ক্যটাগরির আরো খবর..