আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় হত্যা মামলার আসামী, ভূমিদস্যু, নারীলিপ্সু, প্রতারক ও মামলাবাজ এক আতংকের নাম উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা গ্রামের ইসমাইল খন্দকারের ছেলে বাদশা খন্দকার ওরফে বাদশা মুহুরী।
লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাগধা গ্রামের বাদশা মহুরী বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষের কাছে এখন এক মূর্তিমান আতংক। হত্যা, ভূমিদস্যুতা, মিথ্যা মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানিসহ নারীদের উত্যক্ততার অভিযোগ রয়েছে বাদশার বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে সরেজমিনে সাংবাদিকদের উপস্থিতিতে মৃত ইউনুছ খন্দকারের স্ত্রী তাছলিমা বেগম জানান, ২০১৪ সালে জমিজমার বিরোধের জের ধরে বাদশা প্রকাশ্যে দিবালোকে পিটিয়ে হত্যা করে তার স্বামীকে। ওই মামলাটি বর্তমানে বিচারাধীন থাকলেও উচ্চ আদালতে বাদশা জামিনে মুক্ত হয়ে তাছলিমা ও তার দুই সন্তানকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও ভয় ভীতি প্রদর্শন করছে।
তাছলিমা আরো বলেন, স্বামীকে হত্যার কিছুদিন পরেই আসামী বাদশা আমাকে কু-প্রস্তাব দিতে থাকে। তার এই কু-প্রস্তাবে রাজি না হওয়ায় জীবন নাশের হুমকিও দেয়া হয়। তাছলিমা বাদশার অত্যাচারে টিকতে না পেরে প্রতিবেশী জাহানারা বেগমের ঘরে আশ্রয় নেয়ায় মিথ্যা মামলা দিয়ে জাহানারা ও তার আপনজনদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে বাদশার বিরুদ্ধে। এছাড়াও একই এলাকার দিনমজুর আব্দুল হালিম মোল্লা ও নান্নু মোল্লা নৌকায় ঘাস কাটাকে কেন্দ্র করে তাদের দুটি নৌকা ভেঙে দিয়ে নিজের অপরাধ ঢাকতে উল্টো তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে বাদশা।
এলাকার খালেক মোল্লা, আ: আজিজ মোল্লা, দেলোয়ার হোসেন, আমিনুল মোল্লা, ইয়াসমিন বেগম, আসপিয়ারা বেগমসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বাদশার বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি তুলে ধরেন সাংবাদিকদের কাছে। বাদশা ওই এলাকার অর্ধশত মানুষের যাতায়াতের একমাত্র পথ বন্ধ করে দিয়েছে। এবিষয়ে অভিযুক্ত বাদশার কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে।
এঘটনায় বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাদশার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আমার দপ্তরে। বাদশার অন্যায় অত্যাচার থেকে রেহাই পেতে ভুক্ত ভোগীরা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।