আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে সংশ্লিষ্ট প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
আজ ঢাকা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সভায় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলনের আহ্বান
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা হিসেবে উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধেরও যোগসূত্র রয়েছে। ফলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে এ সমস্যা পুরোপুরি মোকাবিলা করা সম্ভব নয়।
আরও পড়ুনঃ অতিরিক্ত চিকিৎসা সরঞ্জাম কিনে অর্থ লোপাটের অভিযোগ: স্বাস্থ্যমন্ত্রী
মাদক নিয়ন্ত্রণে কঠোর আইনগত পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
কিশোর গ্যাং ঠেকাতে সম্মিলিত উদ্যোগ
কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অতীতে কিশোর গ্যাংয়ের বিস্তার সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।
জনগণের আস্থা অর্জনে সুশাসনের ওপর গুরুত্ব
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই সরকারি দায়িত্ব পালনের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন সামনে রেখে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে সরকারের প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী হবে।
আরও পড়ুনঃ ঢাকার পরিবেশ উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ স্থানীয় সরকারমন্ত্রীর
উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষাও জরুরি
পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে।
নদী দূষণ নিয়ন্ত্রণ, শিল্পবর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং নগর এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ্ ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



