শরীয়তপুর প্রতিনিধি ॥ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়ায় ইউনিয়নের কীর্তিনাশা নদীর পাড়ের সরকারী খাস জমি ও মালিকানা জমির মাটি জোরপূর্বক বেকু মেশিন দিয়ে কেটে ইটের ভাটায় বিক্রি করছে কতিপয় অসাধু চক্র। এতে বেড়িবাাধ ও আবাদী ফসলের জমি মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। প্রভাবশালী এই চক্রটি দীর্ঘদিন যাবৎ তাদের ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন নিরব ভূকিমা পালন করছে। মাটি কাটা বন্ধের জন্য এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা একাধিকবার জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন।
সরেজমিন গিয়ে দেখা যায়, স্থানীয় কাদের মল্লিক, আবু হোসেন মল্লিক, ও কালাম মাদবর সহ কতিপয় অসাধু ব্যক্তি জোরপূর্বক দৃষ্টি প্রতিবন্ধী জলিল মল্লিকের নদীর পাড়ের জমি ও বেরিবাধের মধ্যে কিছু সরকারী খাস জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। মাটি কাটার ফলে নদীর তীরের বেড়িবাধ ও আবাদী জমি মারাত্মক হুমকির মুখে রয়েছে। মাটি কাটা বন্ধের দাবিতে জলিল মল্লিক গত ২৫ অক্টোবর ও ১১ ডিসেম্বর জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু এখনও পর্যন্ত মাটি কাটা বন্ধ করা হয়নি।
জলিল মল্লিক বলেন, কাদের মল্লিক, আবু হোসেন মল্লিক, ও কালাম মাদবরসহ কতিপয় ব্যক্তি জোর পূর্বক নদীর পাড় আমার জমি ও সরকারী খাস জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে আবাদী জমি ও বেড়িবাধ হুমকির মধ্যে রয়েছে। এ মাটি কাটা বন্ধের জন্য আমি জেলা প্রশাসক বরাবর আবেদন করেছি। কিন্তু মাটি কাটা বন্ধ হয়নি।