অধিক অর্থের আশায় ‘এমটিএফই’ অ্যাপের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার কয়েক’শ বিনিয়োগকারী। দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় গৌরনদীতে অনলাইন ভিত্তিক এই এমএলএম কোম্পানির প্রতারণায় সর্বস্বান্ত হয়েছে কয়েক’শ মানুষ। হঠাৎ এমটিএফই অ্যাপে বিনিয়োগকারীর অ্যাকাউন্ট থেকে ডলারে পরিণত করা টাকা উধাও হয়ে গেছে।
জানা গেছে, এমটিএফই’তে অ্যাকাউন্ট চালু করার জন্য সর্বনিম্ন ২৬ ডলার সমপরিমাণ টাকা বিনিয়োগ করতে হতো। সেই টাকা বিনিয়োগ করলে আকর্ষণীয় মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচারণা করছিল কিছু সংখ্যক শিক্ষক, যুবক, কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ও ব্যাবসায়ীরা। অধিক মুনাফা পাওয়ার আশায় অ্যাপটিতে অ্যাকাউন্ট খুলেছিলেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। প্রতারনার শিকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন, অধিক মুনাফার আশায় অনেকেই জমি বন্ধক রেখে, জমানোকৃত টাকা আবার অনেকে বিভিন্ন এনজিও থেকে ঋণ গ্রহন করে লাখ লাখ টাকা এমটিএফই অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করেছিলেন।
প্রতারণার শিকার একাধিক ব্যক্তি আরো জানান, এই অ্যাপে অ্যাকাউন্ট খোলার পর বিনিয়োগ করা টাকার ওপর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা হতো। হঠাৎ করেই তারা টাকা উঠাতে গিয়ে দেখেন অ্যাকাউন্টে কোনও ডলার নেই। উল্টো তাদের কাছে কোম্পানি আরও টাকা পাবে উল্লেখ করা হয়েছে। প্রতারণা করে তাদের টাকা নিয়ে উধাও হয়েছে এমটিএফই।
গৌরনদী বাসস্ট্যান্ডের এক ব্যবসায়ী জানান, তিনি সম্প্রতি আশি হাজার টাকা বিনিয়োগ করেন এমটিএফইতে। তার সাথে আরও পাঁচ জন একই পরিমাণ অর্থ বিনিয়োগ করেন। তাদের অর্থ হাতিয়ে নিয়েছে ওই কোম্পানি।
নাম প্রকাশ না করা শর্তে ভুক্তভোগী এক শিক্ষক বলেন, ‘লাভের আশায় ধার-দেনা করে একলাখ টাকা বিনিয়োগ করেছিলাম। কিছুদিন তারা ওই টাকার ওপর লাভও দিয়েছিল। বর্তমানে শুনছি তারা টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এখন ধারের টাকা পরিশোধ করবো কীভাবে সেই চিন্তায় আছি। এছাড়াও লাভের আশায় এসে উল্টো ঋণের বোঝা ধরিয়ে দিয়েছে এমটিএফই। সব ডলার কেটে নিয়ে উল্টো অ্যাকাউন্টে বিশাল অংকের মাইনাস ডলার ধরিয়ে দিয়েছে। আগামি চব্বিশ ঘণ্টার মধ্যে তা পরিশোধ করতে বলেছে। চব্বিশ ঘণ্টা পর আজকে আবার তাদের অ্যাপে নোটিশ দিচ্ছে যে, চব্বিশ ঘণ্টা পার হয়ে গেছে আপনি ঋণ পরিশোধ করেননি। আপনাকে আরো চব্বিশ ঘন্টা সময় দেওয়া হলো, এর মধ্যে ঋণ পরিশোধ না করলে আপনাকে আইনি নোটিশ পাঠানো হবে। ঋণ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেবে তারা।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে এখনও কেউ কোনও অভিযোগ করেনি। কোনও ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’