মাদকের বিরুদ্ধে তরুণদের সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে তরুণদের সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মাদকের বিরুদ্ধে তরুণদের সামাজিক আন্দোলন গড়ার আহ্বান রাষ্ট্রপতির

মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বঙ্গভবনে ঠাকুরগাঁও জেলার তরুণ মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। সংগঠনের আহ্বায়ক লুকমান শারীফ ও সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা না গেলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি ব্যাহত হতে পারে। মাদকের কারণে অনেক তরুণের সম্ভাবনাময় জীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজও ক্ষতির মুখে পড়ে। তাই মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, একটি অঞ্চলকে উন্নত ও সমৃদ্ধ করতে হলে সেখানকার মানুষকে সচেতন ও সক্রিয় করে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। মানুষের কল্যাণ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

‘আহবান’-এর বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে রাষ্ট্রপতি সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঠাকুরগাঁও স্কুলভিত্তিক সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধীদের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ ও জেন-জি কার্নিভালসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের কথা উল্লেখ করেন।

ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়নে তরুণদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জেলার অর্থনীতি ও কৃষির অগ্রগতি, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণ, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা, মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলা এবং সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথ সহজ করতে তরুণ ও পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

রাষ্ট্রপতি তরুণদের ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ ধারণের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে ‘আহবান’-এর সদস্যরা রাষ্ট্রপতিকে তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

প্রতিনিধিদলের সদস্যরা একটি সুন্দর, মানবিক, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সব সদস্যের মঙ্গল কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।