নগরবাসীর জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি এ আহ্বান জানান তিনি।
আজ সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে ক্রিস্টোফ লেমিয়েরের নেতৃত্বাধীন বিশ্বব্যাংক প্রতিনিধিদল এবং স্থানীয় সরকার বিভাগ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের পরামর্শকদের মধ্যে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাংলাদেশে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরা হয়।
সভায় জানানো হয়, ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’-এর আওতায় নগর জনস্বাস্থ্য সুরক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মশা ও অন্যান্য বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, হাসপাতালের বাইরের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ মোকাবিলা, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যের ওপর সৃষ্ট ঝুঁকি মোকাবিলা।
এ ছাড়া আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরির বিষয়ও প্রকল্পের আওতায় রয়েছে।
প্রকল্পটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পাশের সাভার ও তারাব পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
একই সঙ্গে নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেন তিনি। এ জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জন্য পৃথক দুটি নতুন মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





