ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচ ট্রাস্ট) সেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বঙ্গভবনে ট্রাস্টের সমন্বয়ক অধ্যাপক ডা. মাহমুদর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
রাষ্ট্রপতি জানান, তিনিও বিভিন্ন সময়ে দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালে পাঠিয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চিকিৎসাসেবায় সহযোগিতা করেছে। এ জন্য ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলের পক্ষ থেকে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করা হয়। জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় প্রতিনিধিদল আগামী ৩০ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলন ‘Disaster Preparedness and Resilient Bangladesh: Leading the Future’-এ প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতিকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। প্রতিনিধিদল তাঁর হাতে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র তুলে দেয়। রাষ্ট্রপতি সম্মেলনে অংশগ্রহণের সম্মতি জানান।
প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রকল্প ও গবেষণা পরিচালক মো. গোলাম মোস্তফা, পরিচালক প্রফেসর ডা. ওমর শরীফ ইবনে হাসান এবং জনসংযোগ বিভাগের পরিচালক ওয়াকার হোসেন তপন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও জনবিভাগের সচিব উপস্থিত ছিলেন।





