শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের কালুরঘাট শিল্প এলাকায় নারী শ্রমিকদের জন্য নির্মিত ‘শ্রমজীবী মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্র’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
শ্রমমন্ত্রী জানান, কালুরঘাট শিল্প এলাকার শ্রমজীবী নারীদের জন্য নির্মিত মহিলা হোস্টেল ও শ্রমকল্যাণ কেন্দ্রটি দ্রুত চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, কালুরঘাট শিল্প এলাকায় প্রায় দুই লাখ শ্রমিক কাজ করেন। তাদের একটি উল্লেখযোগ্য অংশ নারী। শ্রমজীবী নারীদের নিরাপদ আবাসন, চিকিৎসাসেবা ও অন্যান্য কল্যাণমূলক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এই স্থাপনাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পরিদর্শনকালে মন্ত্রী নারী শ্রমিকদের জন্য নির্মিত হোস্টেল, পাঁচ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শ্রমকল্যাণ কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
আরিফুল হক চৌধুরী বলেন, স্থাপনাটি নির্মাণে সরকার কয়েক শ কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে বিভিন্ন জটিলতার কারণে এখনো এটি চালু করা সম্ভব হয়নি। ভবনটির ভবিষ্যৎ ব্যবহার এবং শ্রমজীবী নারীদের কল্যাণে কীভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, সে বিষয়ে আইনগত ও কারিগরি সব দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করা হবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, শ্রম কল্যাণ সংস্থার কর্মকর্তারা, ঠিকাদারি প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





