পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূর করে বান্দরবানকে স্বনির্ভর জেলায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী। একই সঙ্গে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বান্দরবানের যুবসমাজ ও যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা যুবদল আয়োজিত র্যালি পরবর্তী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শুক্রবার (৩০ অক্টোবর) বান্দরবান প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মন্ত্রী বলেন, মাদকের বিস্তার বর্তমানে দেশের জন্য একটি বড় সামাজিক ও জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর নেতিবাচক প্রভাব সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ছে। কক্সবাজারকে মাদক পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে চিহ্নিত করা হলেও নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও থানচিসহ পার্বত্য এলাকার বিভিন্ন স্থানেও মাদকের প্রভাব উদ্বেগজনক। এ পরিস্থিতি মোকাবিলায় যুবসমাজকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বান্দরবানের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সাচিং প্রু জেরী বলেন, আবেগনির্ভর সিদ্ধান্তের পরিবর্তে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ বজায় রেখে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন নিশ্চিত করতে হবে। দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে জেলায় কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করা হবে।
তিনি আরও বলেন, সুনির্দিষ্ট লক্ষ্য ও সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে বান্দরবানকে বেকারত্বমুক্ত জেলায় রূপান্তর করতে সরকার কাজ করতে চায়। এ জন্য স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং যুবসমাজের কর্মক্ষমতাকে উন্নয়ন কার্যক্রমে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী।
এতে বান্দরবান জেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।





