রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে নিচে পড়ে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
ডিবি কর্মকর্তা জানান, রাজধানীর একটি বিশেষ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত শিক্ষিকার ছিনতাই হওয়া মালামাল এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছিলেন রনজিনা পারভীন। পথে শেরেবাংলা নগর থানাধীন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর হাতব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ হৃদয়বিদারক ঘটনায় গত ৩০ আগস্ট নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করা হয়।





