সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ভূমিমন্ত্রীর

সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ ভূমিমন্ত্রীর
সরকারি জমি বরাদ্দে স্বচ্ছতা

সরকারি জমি বরাদ্দ ও অধিগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণের প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখতে হবে। একই সঙ্গে অধিগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে যাতে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় এসব কথা বলেন ভূমিমন্ত্রী। সভায় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খান পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় পাঁচলাইশ ও পশ্চিম ষোলশহর মৌজায় ১ দশমিক ৮৪০৬৪ একর এবং চন্দনপুরা, ইমামগঞ্জ, পাথরঘাটা, বাকলিয়া ও পূর্ব ষোলশহর মৌজায় ২ দশমিক ২৮৯৮৮ একর জমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ‘চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন একাডেমি)-ফকিরনীহাট (এন-১২১) জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের বিভিন্ন মৌজায় মোট ২১ দশমিক ৭০৮৩ একর জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে জুলধা মৌজায় ১ দশমিক ৩৯০৩ একর, বাদলপুরা মৌজায় ২ দশমিক ৫৮৯০ একর, শিকলবাহা মৌজায় ৬ দশমিক ৯৭৩১ একর এবং শাহমীরপুর মৌজায় ১০ দশমিক ৭৫৫৯ একর জমি রয়েছে।

বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো নির্মাণের জন্যও জমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। HKGE Consortium Limited-এর মাধ্যমে সুনামগঞ্জের পাইকরাটি থেকে নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণে নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ও গন্ধর্বপুর মৌজায় শূন্য দশমিক ৭৫০ একর জমি অধিগ্রহণের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের নামে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর মৌজায় শূন্য দশমিক ৩৭ একর জমি অধিগ্রহণের পূর্বানুমোদন দেওয়া হয়েছে। একই উপজেলার চর রমজান সোনাউল্লাহ মৌজায় মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের অনুকূলে ১ দশমিক ৮৬৫২ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

৫০ বিঘার বেশি জমি অধিগ্রহণে চূড়ান্ত অনুমোদন

সভায় জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে বিভিন্ন জেলা থেকে আসা ৫০ বিঘার বেশি জমি অধিগ্রহণের কয়েকটি প্রস্তাবও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

জামালপুর সড়ক বিভাগের ‘মাদারগঞ্জ-কয়ড়া-মনসুরনগর (কাজিপুর)-আব্দুল্লাহ মোড় (সরিষাবাড়ী)-ধনবাড়ী সড়ক উন্নয়ন’ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন মৌজায় জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২১টি মৌজায় ২০ দশমিক ০১৩৬ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

‘বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্থকরণ (LOC-III)’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন মৌজায় মোট ৫৭ দশমিক ৯৩৮০ একর জমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে ‘যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ প্রকল্পের আওতায় যশোরের অভয়নগর উপজেলার ছয়টি মৌজায় মোট ৬ দশমিক ৪৭৬০ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় বগুড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে আগে অধিগ্রহণ করা সম্পত্তি পরিবর্তিত বাস্তবতার পরিপ্রেক্ষিতে ভূমি অধিগ্রহণ আইন, ২০১৭-এর আওতায় জনকল্যাণমূলক হাসপাতাল স্থাপনের কাজে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ভূমি বরাদ্দ ও অধিগ্রহণে সরকারি স্বার্থের পাশাপাশি জনগণের স্বার্থও যথাযথভাবে বিবেচনায় নেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।