সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এমপি জহরত আদিব চৌধুরী।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ কমিটিকে জানানোর জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।
সৌদি আরবে বাংলাদেশের মিশনগুলোর সেবার মান আরও উন্নত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনেরও সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য এমপি এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী এবং সানজিদা ইসলাম অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়। পাশাপাশি আগের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
১৫৩তম আইপিইউ সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ এবং কমিটির সভাপতি আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
এ ছাড়া সম্প্রতি সংসদীয় কমিটির কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আনুষঙ্গিক সহযোগিতা করায় মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বৈঠকে সৌদি আরবে বাংলাদেশের বিভিন্ন মিশনের কার্যক্রম ও জনবল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ-সৌদি আরবের বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স বিষয়ে কমিটিকে অবহিত করা হয়।
এ ছাড়া সৌদি আরবের শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদে বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম নিয়েও একটি উপস্থাপনা দেওয়া হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





