প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ভিডিও প্রকাশের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। সংগঠনটি এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে অভিহিত করেছে।
রোববার (২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে এনইসির সভাপতি শফিক রেহমান ও কোষাধ্যক্ষ শফিকুল আলম এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত শনিবার সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ সময় পত্রিকাটি এবং এর সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে আক্রমণাত্মক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেন তিনি। গত ৩১ অক্টোবর পত্রিকাটিতে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এমন আচরণ করেন রাশেদ খান।
এনইসির নেতারা বলেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে একটি সংবাদপত্র ছিঁড়ে ফেলার দৃশ্য ভিডিও করে প্রচার করা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের আচরণ সংবাদপত্রের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে কারও আপত্তি বা সংক্ষুব্ধ হওয়ার কারণ থাকলে প্রতিবাদলিপি পাঠানো, প্রেস কাউন্সিলের দ্বারস্থ হওয়া কিংবা আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এসব নিয়মতান্ত্রিক পথ অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের মাধ্যমে কী ধরনের বার্তা দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠনটির নেতারা।
তাদের মতে, সরকারের দায়িত্বশীল পদে থেকে এভাবে সংবাদপত্র ছিঁড়ে ফেলা উসকানিমূলক আচরণের শামিল।
এদিকে, সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও আম-জনতা দলের সদস্য সচিব তারেক রহমান ‘আমার দেশ’-এর একটি পুরোনো সংবাদকে কেন্দ্র করে সম্পাদক মাহমুদুর রহমানকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এনইসি নেতারা এ বক্তব্যকেও উসকানিমূলক এবং একজন সম্পাদককে সরাসরি হুমকি দেওয়ার শামিল বলে উল্লেখ করেছেন।
বিবৃতিতে অতীতের ঘটনাও তুলে ধরেন এনইসির নেতারা। তারা বলেন, বিগত সরকারের সময়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলা, আগুন দেওয়া এবং পত্রিকা কার্যালয়ে হামলার মতো ঘটনা ঘটিয়েছিল। বর্তমান নির্বাচিত সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেও একই ধরনের আচরণের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে এনইসি নেতারা বলেন, সংবাদপত্রের ওপর আক্রমণ, সম্পাদকদের হুমকি এবং বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।





