বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দিতেই সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী

বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দিতেই সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন: আইনমন্ত্রী
বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দিতেই সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধন

যশোর: বৃদ্ধ বাবা-মায়ের সম্পত্তিগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেই সম্পত্তি হস্তান্তর আইনে সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যশোর পিটিআই হলরুমে আয়োজিত চাকরি মেলা সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই সংশোধনী নিয়ে একটি মহল বিতর্ক তৈরির চেষ্টা করছে। কেউ কেউ এটিকে হেবা আইনের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করছেন। তবে হেবা আইন নিয়ে সংশোধনীর কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করেন আইনমন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, বৃদ্ধ বাবা-মাকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই সম্পত্তি হস্তান্তর আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়েছে। এ নিয়ে বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই। হেবা আইন স্পর্শ করার ক্ষমতা কারও নেই।

চাকরি মেলায় ১,১১৫ জনের নিয়োগ

চাকরি মেলা থেকে সরাসরি নিয়োগপত্র দেওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) চাকরি মেলায় ১ হাজার ১১৫ জনকে সরাসরি নিয়োগ দিয়েছে। একই দিনে নিয়োগপত্র পাওয়ার এ উদ্যোগ সরকারের কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর, বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে আরও প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে দেশের ক্ষুদ্রঋণ খাতে প্রায় আড়াই লাখ মানুষ কর্মরত রয়েছেন। আগামী এক বছরের মধ্যে এ সংখ্যা সাড়ে তিন লাখে উন্নীত করার প্রত্যাশা রয়েছে।

‘ক্যারিয়ার হোক ক্ষুদ্রঋণ সেক্টরে, অবদান হোক দেশের উন্নয়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি চাকরি মেলার আয়োজন করে।

দিনব্যাপী আয়োজিত এ চাকরি মেলায় দেশের ৩৬টি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেয়। এসব প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রায় ২২ হাজার আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ১ হাজার ১১৫ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রীর কাছ থেকে নির্বাচিত চাকরিপ্রার্থীরা তাদের নিয়োগপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন।

এ সময় যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ চাকরি মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।