অনলাইনে হুমকি বা ভয় দেখিয়ে দেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার ধান মহলে উত্তর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের সন্ত্রাস ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
ইয়াসের খান চৌধুরী বলেন, অতীতে দেশের মানুষ অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, ভবিষ্যতেও গুম, খুনসহ বিভিন্ন অপরাধের বিচার নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় জেল-জুলুম ও নির্যাতনের পর জনগণ তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধার করেছে বলে তিনি মনে করেন। যারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকার কথা বলেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রীর ভাষ্য, দীর্ঘদিন ধরে লুটপাট ও সন্ত্রাসের মাধ্যমে যারা দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছে, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা প্রয়োজন। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কেউ ছাড় পাবে না বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশ পুনর্গঠন, জনসাধারণের সমস্যা সমাধান ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে দেশ-বিদেশে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের মানুষ সন্ত্রাস, নৈরাজ্য বা অস্থিতিশীলতা চায় না। বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং সন্ত্রাস-নৈরাজ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





