সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত থাকায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ না করে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, গণহত্যার পর দেশ ছেড়ে যাওয়া আওয়ামী লীগ এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ করেনি। বরং বিদেশে ড. মুহাম্মদ ইউনূস, সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও অভিনেত্রীকে হেনস্তা এবং দেশে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কোনো ঘাটতি ছিল কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে বলেও জানান উপদেষ্টা।

তিনি আরও বলেন, অভিনেত্রী বাঁধনকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্কবার্তা

বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহেদ উর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ড আবারও ঘটানোর চেষ্টা করা হলে তার জবাব দেওয়া হবে। এ ধরনের ঘটনা কোনোভাবেই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের কেউ ক্ষমা চাইলে সমঝোতার সম্ভাবনা তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, গণহত্যার মতো গুরুতর অপরাধের পরও গত দুই বছরে নানা অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অডিও বার্তার মাধ্যমে দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে। এসব বিষয় সরকারের নজরে রয়েছে। এ পরিস্থিতিতে দলটির সঙ্গে আলোচনা বা সমঝোতার কোনো সুযোগ নেই বলে তিনি জানান।

শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে তাঁকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে সরকার।

তবে শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরে এলে সরকারের আপত্তি থাকবে না বলে জানান তিনি। দেশে ফিরলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালতের বিচার ও ঘোষিত দণ্ডের মুখোমুখি হতে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

প্রেস কাউন্সিল আইন সংস্কারের অগ্রগতি

প্রেস ব্রিফিংয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অপসাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংস্কার ও আধুনিকায়নের অগ্রগতিও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

এ সময় মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা এবং তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোছা. মোবাস্বেরা কাদেরী উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।