রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকে ঘিরে সিলেট নগরীতে নিরাপত্তা ও অভ্যর্থনার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিমানবন্দর থেকে সিলেট শহরে গিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা ১টা ২৫ মিনিটে তিনি হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে গিয়ে জিয়ারত করবেন।
পরে বিকেল ৩টা ৩০ মিনিটে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগর ভবনের সামনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন রাষ্ট্রপতি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাতেই আকাশপথে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তাঁর।
সাত পয়েন্টে বিএনপির অভ্যর্থনা
রাষ্ট্রপতির সফর উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।
এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক নাগরিক সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
১২০০ অতিথির বসার ব্যবস্থা
সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, নগর ভবনের সামনে সংবর্ধনাস্থলে প্রায় ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি জানান, অনুষ্ঠানে সিলেটের মন্ত্রী ও হুইপ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। রাষ্ট্রপতির প্রথম সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দিনব্যাপী সফর শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে ঢাকায় ফিরে যাবেন।





