চট্টগ্রাম নগরীর কালুরঘাটে অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কর্মজীবী নারীদের আবাসন সংকট নিরসনে নির্মিত আধুনিক হোস্টেলটি দ্রুত চালুর লক্ষ্যে কেন্দ্রটির বর্তমান পরিস্থিতি ও বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে পর্যালোচনা করেন তিনি।
কর্মজীবী নারীদের আবাসন সুবিধা নিশ্চিত করার উদ্দেশ্যে শ্রম কল্যাণ কেন্দ্রটিতে একটি আধুনিক হোস্টেল নির্মাণ করা হয়েছে। তবে বিভিন্ন কারণে সেটি এখনো চালু করা সম্ভব হয়নি। হোস্টেলটি চালুর ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ হিসেবেই মন্ত্রীর এ পরিদর্শন বলে সংশ্লিষ্টরা জানান।
পরিদর্শনকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কর্মজীবী নারীদের আবাসন সংকট কমাতে এই হোস্টেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই এটি দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, হোস্টেলটি দ্রুত চালুর বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে শিগগিরই একটি বৈঠক আয়োজন করা হবে। ওই বৈঠকে বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা করে হোস্টেলটি কবে নাগাদ কর্মজীবী নারীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনের সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





