সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুতে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন সাতক্ষীরার শ্যামনগরের বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলেরও দাবিও তুলেছেন।
সোমবার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় শ্যামনগর সদরে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব দাবি জানানো হয়।
কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিএনপির নেতাকর্মীরাও অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বাবলাতলা মোড় হতে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মুখে এসে শেষ হয়। এরপর গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এসময় বিক্ষোভকারীরা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। কর্মসূচির একপর্যায়ে গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
এদিকে, রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যায়। মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।





