ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসন ও বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় এ অভিযান চালায়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।
সেসময় বিএসটিআই কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার খাইরুল ইসলাম ও পরিদর্শক (মেট্রোলজি) মামুনুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে শহরের চাকলাপাড়ার প্রভাতী পিওর ড্রিংকিং অ্যান্ড টয়লেট্রিজকে মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লিকুইড হ্যান্ডওয়াশ, লিকুইড ডিশওয়াশ ও প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদনের অভিযোগে ৫ হাজার টাকা, অগ্রিবীণা সড়কের অয়ন স্টিল কর্নারকে ব্যবহৃত ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পোস্ট অফিস মোড়ের সোমা দধি অ্যান্ড মিষ্টিকে উৎপাদিত মিষ্টিজাতীয় পণ্যে যথাযথ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ১৫’শ টাকা ও মদিনা সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ডেকোরেটেড কেক পণ্যে বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করে আবেদনের বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান ও ওজন-পরিমাপের সঠিকতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





