ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি বাড়ানো, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় সংশ্লিষ্টদের এসব নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।
সভায় প্রধানমন্ত্রী রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন।
তিনি ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবন শনাক্ত করার পাশাপাশি নতুন ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন। একই সঙ্গে ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর কথাও বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিসসহ জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
এ ছাড়া হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত উদ্ধার সরঞ্জাম প্রস্তুত রাখা, উদ্ধারকর্মীদের প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





