রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণহানি না ঘটে, সে জন্য পর্যাপ্ত রক্তের মজুত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে মরণোত্তর চক্ষুদান কার্যক্রম সম্প্রসারণ এবং কর্নিয়া সংগ্রহে বাংলাদেশকে স্বনির্ভর করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
আজ জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সাখাওয়াত হোসেন বলেন, কেবল সেমিনার বা আলোচনা সভার আয়োজন করে রক্তদান কার্যক্রমের প্রসার ঘটানো সম্ভব নয়। এ জন্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। চিকিৎসকদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে। রক্তদান করলে দাতার শারীরিক ক্ষতি হয় না—এ বিষয়টি মানুষকে জানাতে হবে। কারণ, একজনের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে।
তিনি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও রক্তদান একটি মহৎ কাজ। মানুষের জীবন রক্ষার চেয়ে বড় দান আর কিছু হতে পারে না। তাই রক্তদানের মাধ্যমে অন্যের জীবন বাঁচানোর বিষয়ে সমাজে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।
থ্যালাসেমিয়া প্রতিরোধের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বামী ও স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে তাঁদের সন্তানের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আক্রান্ত রোগীদের নিয়মিত রক্তের প্রয়োজন হয়, যা দীর্ঘদিন ধরে রোগী ও পরিবারের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ঝুঁকি কমাতে বিয়ের আগে বর-কনের থ্যালাসেমিয়া বাহক কি না, তা পরীক্ষা করা জরুরি।
তিনি আরও বলেন, থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়ানো গেলে ভবিষ্যৎ প্রজন্মকে এ রোগের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে রক্তের চাহিদা ও সংকট কমাতেও তা ভূমিকা রাখবে। পর্যাপ্ত রক্তের মজুত গড়ে তুলতে প্রয়োজনীয় প্রচার ও কর্মসূচি গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
সন্ধানীর কার্যক্রম সম্প্রসারণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, রক্ত সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রকল্প ও উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় সাধ্যমতো সহায়তা করবে। দায়িত্বে থাকা অবস্থায় তিনি সন্ধানীর পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, সন্ধানী মূলত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একটি সংগঠন। রক্ত ও কর্নিয়া সংগ্রহে জাতীয় কর্মসূচি চালুর মধ্য দিয়ে সংগঠনটি শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, রক্ত সংগ্রহের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও কর্নিয়া সংগ্রহে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। দেশের বিপুল জনসংখ্যার তুলনায় কর্নিয়া সংগ্রহের সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। ভবিষ্যতে রক্ত কিংবা কর্নিয়ার জন্য যেন অন্য দেশের ওপর নির্ভর করতে না হয়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ২ নভেম্বরকে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ঘোষণার অন্যতম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরি করা। রক্তদানের ক্ষেত্রে মানুষের আগ্রহ বাড়লেও মরণোত্তর চক্ষুদান নিয়ে এখনো কাঙ্ক্ষিত সচেতনতা গড়ে ওঠেনি।
তিনি আরও বলেন, ধর্মীয় ও সামাজিক নানা ভুল ধারণা এবং কুসংস্কারের কারণে অনেকে মরণোত্তর চক্ষুদানে আগ্রহ দেখান না। এ বিষয়ে গ্রামাঞ্চলসহ সমাজের সব স্তরের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে হবে। এ ক্ষেত্রে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম এবং মহাসচিব ও উদযাপন উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ মনির হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের নিচতলার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে মানুষকে উৎসাহিত করতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।





